আকস্মিক পরিদর্শনে সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসকসহ বরখাস্ত ৩

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ২২:৩৪ | অনলাইন সংস্করণ

  সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার সকালে তিনি তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। এ সময় ছুটি ছাড়াই দীর্ঘদিন হাসপাতালে অনুপস্থিত থাকায় ডা. তন্নি নামের একজন চিকিৎসককে এবং চুরির ঘটনায় এক নাইট গার্ডকে বরখাস্ত করা হয়।

পরে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে রান্নাঘর, ওয়াশরুম এবং বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের সঙ্গে কথা বলেন।

এক মাসেরও বেশি সময় ছুটি ছাড়া অনুপস্থিত থাকায় ডা. সোহানা সেলিম নামের এক চিকিৎসককে বরখাস্ত করা হয়। পরে তিনি সাতক্ষীরা সদর হাসপাতাল পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, বর্তমান বাংলাদেশে রোগীর তুলনায় চিকিৎসক কম। গত ১৭ বছরে স্বৈরশাসন চিকিৎসক নিয়োগ দেয়নি। কোনো দিকেই খেয়াল করেনি, যে কারণে এ সমস্যা সৃষ্টি হয়েছে। চিকিৎসাসেবা নিশ্চিত করতে ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করতে যাচ্ছি।

প্রতিটি জেলা হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০১ শয্যার ফিজিওথেরাপি ও আধুনিক প্যাথলজি সুবিধা প্রতিটি উপজেলায় চালু করা হচ্ছে।

পরবর্তীতে সেসব হাসপাতালেও ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে। ইউনিয়ন হেলথ কমপ্লেক্স ও ইউনিয়ন ফ্যামিলি প্ল্যানিং সেন্টারকে পিপিপির আওতায় আনা হবে। খুব তাড়াতাড়ি ই-হেলথ কার্ড দেওয়া শুরু করা হবে। এটি প্রধানমন্ত্রী দেখছেন।