রাজবাড়ীতে ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১৯:৪৩ | অনলাইন সংস্করণ
রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ফজলুল হক ফজল (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তিনি রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়নের বাঁশ গ্রামের মৃত আজিজ মুন্সির ছেলে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের বাঁশ গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় ফজলুল হক ফজলের বসতবাড়ির শয়নকক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ারে তল্লাশি চালিয়ে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।
ডিবির ওসি আরও জানান, এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) মো. ওয়াহিদুল হাসান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি বলেন, মাদক নির্মূলে জেলা গোয়েন্দা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
