সিরাজগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৬

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১৯:৫৫ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ ও চাঁদা দাবির ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। এ দুটি মামলায় ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পুলিশ এ মামলায় উপজেলা বিএনপির নেতাসহ ৬ জনকে গ্রেফতার করেছে।

উল্লাপাড়া মডেল থানার ওসি আবু ফাত্তাহ মো. মনিরুজ্জামান মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জাহিদুল ইসলাম মিস্টার এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক সাধারণ সম্পাদক আজাদ হোসেন গ্রুপের মধ্যে বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বিরোধ চলে আসছিল।

প্রতিপক্ষ আজাদ গ্রুপের লোকজন মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। এ চাঁদার টাকা দিতে অস্বীকার করায় উভয় গ্রুপের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এরই জের ধরে রোববার দুপুরের দিকে থানা গেট চত্বর এলাকায় উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সংঘর্ষ ও হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হন। পুলিশের কঠোর পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

ওইদিন রাতেই সংঘর্ষের ঘটনায় মিস্টার বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৮৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। উল্লাপাড়া মডেল থানার মামলা নং-২৫, তাং-২৬-০৭-২০২৬ ইং।

একই রাতে চাঁদা দাবির ঘটনায় মিস্টারের ভাই আলমগীর বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। উল্লাপাড়া থানার মামলা নং-২৬, তাং-২৬-০৭-২০২৬ ইং।

পুলিশ ওইদিন গভীর রাতে এলাকায় অভিযান চালিয়ে বিএনপি নেতা আজাদকে (৬০) গ্রেফতার করে। সোমবার ভোর রাতে উভয় মামলার আরও ৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। তারা হলেন, উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি মনতাজ আলী (৫০), যুবদল নেতা আশিক (৩২), বিএনপি কর্মী রফিকুল ইসলাম (২৫), শাহাদত হোসেন (৩০) ও সাগর (৩৮)।

এদিকে সংঘটিত ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। উল্লাপাড়া পৌর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে বলে ওসি উল্লেখ করেন।