সোনারগাঁয়ে বিএনপির কর্মীকে পিটিয়ে হত্যা করলো প্রতিপক্ষরা
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ২০:২০ | অনলাইন সংস্করণ
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাজনৈতিক বিরোধে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় রাজু আহমেদ নামে এক বিএনপির কর্মীকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
রোববার রাত ১১টায় শম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার আয়নাল হকের ছেলে।
নিহতের মা ও ছোট বোনের অভিযোগ, রাজু পূর্বে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও প্রায় তিন মাস আগে তিনি রাজনীতি ছেড়ে দেন। এ নিয়ে স্থানীয় বিএনপি নেতা শাহাদাত প্রধানের সঙ্গে তার বিরোধ হয়। রাজনৈতিক বিরোধের জেরেই পরিকল্পিতভাবে রাজুকে হত্যা করা হয়েছে।
কিছুদিন আগে এলাকায় মাদকবিরোধী মানববন্ধনে অংশগ্রহণ করাকে কেন্দ্র করে রোববার রাতে ফুফাতো ভাই ইয়ামিনের সঙ্গে নুরুল ও জাকিরের তর্কাতর্কি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এ সময় রাজু তাদের ঝগড়া থামিয়ে দেয়।
পরে নুরুল ও জাকিরের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন দেশীয় অস্ত্র নিয়ে ফুফাতো ভাইকে না পেয়ে রাজুর বাড়িতে হামলা চালায়। তারা রাজুকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে আহত করে। তাকে বাঁচাতে গেলে পরিবারের অন্য সদস্যদেরও পিটিয়ে আহত করা হয়।
পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, এটি রাজনৈতিক বিরোধ নাকি পারিবারিক কোনো দ্বন্দ্বের জেরে সংঘটিত হত্যা, তা তদন্তের পর বিস্তারিত বলা যাবে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি বলেন, বিএনপি কর্মী রাজু হত্যার ঘটনাটি পারিবারিক নাকি রাজনৈতিক, তা তদন্ত করে দেখা হচ্ছে। খুব শিগগিরই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
