সিরাজগঞ্জে মহাসড়ক পার হতে গিয়ে প্রাণ গেল মানসিক রোগীর

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ২১:৪৫ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রায়েরপাড়া এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় মানসিক রোগী ফুলবর রহমান (৫০) নিহত হয়েছেন। তিনি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কসবা গ্রামের মৃত নায়েব মন্ডলের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত মানসিক রোগী সোমবার ভোরে উল্লেখিত স্থানে মহাসড়ক পার হচ্ছিলেন।

এ সময় অজ্ঞাত দ্রুতগতির একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে তার মাথা ও বুকের অংশ পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় আনে এবং নিহতের পরিচয় শনাক্তে সিরাজগঞ্জ সিআইডির সহায়তা নেয়।

পরে দুপুরে তার লাশ সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।