ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ আটক যুবকের ৩ মাসের কারাদণ্ড
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ১৬:০৫ | অনলাইন সংস্করণ
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নে ইয়াবা বিক্রির সময় এক যুবককে আটক করে স্থানীয় জনতা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার রাতে উপজেলার গনাইরকুটি গ্রামের মানিক উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম (মিস্টার) ইয়াবা বিক্রির সময় স্থানীয়দের হাতে আটক হন।
এ সময় তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে অবহিত করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে জাহিদুল ইসলাম মাদক বিক্রির বিষয়টি স্বীকার করলে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও নির্ধারিত কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সচেতন জনসাধারণের সহযোগিতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকলে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমে আসবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
