দর্শনায় নামাজে গিয়ে ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ২২:১১ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনায় যোহরের নামাজ আদায় করতে গিয়ে মসজিদের সামনে রাখা এক ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) যোহরের নামাজের সময় দর্শনা বাসস্ট্যান্ড সংলগ্ন জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী শহীদ হোসেন দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের সিদ্দিকুল্লার ছেলে।

জানা গেছে, শহীদ হোসেন তার ব্যবহৃত বাজাজ কোম্পানির পালসার মোটরসাইকেলটি (লাইসেন্স নম্বর: চুয়াডাঙ্গা-ল ১২৭৬৮৬) মসজিদের সামনে রেখে নামাজ আদায় করতে যান। নামাজ শেষে বাইরে এসে তিনি দেখতে পান, তার মোটরসাইকেলটি আর সেখানে নেই।

পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে মসজিদে উপস্থিত মুসল্লি ও স্থানীয়দের জানান তিনি।

ব্যবসায়ী শহীদ হোসেন বলেন, ব্যক্তিগত কাজে দর্শনায় এসেছিলাম। যোহরের নামাজের সময় হলে মোটরসাইকেলটি মসজিদের সামনে রেখে নামাজ আদায় করতে যাই। নামাজ শেষে বের হয়ে দেখি মোটরসাইকেলটি নেই। পরে সঙ্গে সঙ্গে বিষয়টি স্থানীয়দের জানাই।

মসজিদের সামনে থেকে এভাবে মোটরসাইকেল চুরির ঘটনায় সাধারণ মানুষের মাঝেও উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়রা জানান, এমন ঘটনা প্রতিরোধে এলাকায় পুলিশি টহল জোরদার, গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজরদারি বৃদ্ধি এবং জনসচেতনতা বাড়ানো প্রয়োজন।

বিশেষ করে মসজিদ, বাজারসহ জনসমাগমপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার দাবি জানিয়েছেন তারা।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল উদ্ধার এবং অপরাধীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।