নিষিদ্ধ সংগঠনের পক্ষে কার্যক্রমের অভিযোগে মির্জাগঞ্জে গ্রেফতার ১
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১৬:০৭ | অনলাইন সংস্করণ
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে সন্ত্রাসী কার্যক্রমের ষড়যন্ত্র ও জননিরাপত্তা বিপন্ন করার প্ররোচনার অভিযোগে মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) বরিশাল থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম মো. রাতিন জোমাদ্দার (২৩)। তিনি মির্জাগঞ্জ থানার উত্তর আমড়াগাছিয়া এলাকার আ. কাদের জোমাদ্দারের ছেলে।
গত ২৫ জুলাই (শনিবার) মির্জাগঞ্জ উপজেলায় রাতিন জোমাদ্দারের নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এর আগেও গত ৫ জুন রাতিন জোমাদ্দারের নেতৃত্বে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছিল।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (২৫ জুলাই) রাত ৮টা ৫০ মিনিটে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর আমড়াগাছিয়া গ্রামের বেতাগী-মির্জাগঞ্জ উপজেলা সংযুক্ত চালিতাবুনিয়া ব্রিজের ওপর একদল ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের গতিশীলতা ও সন্ত্রাসী কার্যক্রম উৎসাহিত করার উদ্দেশ্যে একত্রিত হন।
তারা বর্তমান কার্যক্রমকে সক্রিয় করতে এবং স্বাধীন রাষ্ট্রের সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার কাজে সম্পৃক্ত থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জনসাধারণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ব্যানার তৈরি করে অপরাধের ষড়যন্ত্র ও প্ররোচনা চালান। এছাড়া নিজেদের শক্তি-সামর্থ্য জানান দেওয়ার উদ্দেশ্যে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করে সন্ত্রাসী কার্যক্রমের ষড়যন্ত্র করেন তাঁরা।
এ ঘটনায় ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন (সংশোধনী-২০১৩) এর ধারাবাহিক ৪টি ধারা অনুযায়ী মির্জাগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।
