সাটুরিয়ায় খাল খনন প্রকল্পে অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে ফেরত

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১৯:৩৫ | অনলাইন সংস্করণ

  সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় চন্দ্র খালী খাল পুনঃখনন প্রকল্পের কাজ শেষে সাশ্রয় হওয়া ১ কোটি ২২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। বরাদ্দের পুরো অর্থ ব্যয় না হওয়ায় অতিরিক্ত অর্থ সংশ্লিষ্ট সরকারি তহবিলে জমা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাজী অনিক ইসলাম।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গাজী খালী নদীর উৎসমুখ হতে বালিয়াটি খলিলাবাদ পর্যন্ত ৬.৯ কিলোমিটার চন্দ্র খালী খাল পুনঃখননের জন্য ২ কোটি ৮৩ লাখ ২৭ হাজার ৬২৩ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল।

প্রকল্পের নির্ধারিত গুণগত মান বজায় রেখে কাজ শেষ করার পরও মোট ১ কোটি ২২ লাখ ২ হাজার ১৫৬ টাকা অব্যয়িত থাকে।

পরবর্তীতে সেই অর্থ নিয়ম মেনে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

খননের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলাধার সংরক্ষণে খালের পাড়ে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ খলিলুর রহমান বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী ৬.৯ কিলোমিটার খাল খনন করা হয়েছে। বৃষ্টির কারণে একাধিকবার পাড় মেরামতের পাশাপাশি খালের দুই পাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী অনিক ইসলাম বলেন, ঐতিহ্যবাহী এ খালটি সময়ের সঙ্গে দখল ও ভরাট হয়ে প্রায় অকেজো হয়ে ছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর খালটি পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়।

তিনি বলেন, ‘খালের বিভিন্ন স্থানে প্রস্থ ভিন্ন হওয়ায় প্রাক্কলনের তুলনায় কম ব্যয়ে কাজ সম্পন্ন হয়েছে। ফলে সাশ্রয় হওয়া ১ কোটি ২২ লাখ টাকা সরকারি তহবিলে জমা দেওয়া হয়েছে।’