দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহায়তা সামগ্রী বিতরণ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১৯:৪৪ | অনলাইন সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” শীর্ষক কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে বাস্তবায়িত প্রকল্পের অধীনে দিনাজপুর সদর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণ ও ছাত্র-ছাত্রীদের মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল, শিক্ষাবৃত্তির চেক বিতরণ এবং গৃহহীন ৫টি পরিবারকে বাড়ি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তমালিকা পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।

তিনি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, সাইকেলসহ অন্যান্য উপকরণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আর্থসামাজিক অগ্রগতি এবং শিক্ষা প্রসারে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি সঠিক প্রক্রিয়ায় এসব সহায়তা প্রকৃত সুফলভোগীদের হাতে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

পরে অতিথিরা উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন, যাতায়াতের জন্য বাইসাইকেল এবং শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন, উথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. নুরুন্নবী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম আযম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও উপকারভোগীরা।

অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রাথমিক স্তরের ৮৯ জন, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ৫৩ জন এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৩২ জন শিক্ষার্থীকে মোট ৭ লাখ ৮৪ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এছাড়া ২৭ জন শিক্ষার্থীকে যাতায়াতের সুবিধার্থে বাইসাইকেল, ১৮ জনকে সেলাই মেশিন এবং ৫ জনকে বাড়ি প্রদান করা হয়।