সিরাজগঞ্জে বেস্ট অ্যাডিশনাল এসপি সাইফুল ইসলাম খান
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ২১:১০ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে জেলা পুলিশের মাসিক মূল্যায়নে অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম খান ‘বেস্ট অ্যাডিশনাল এসপি অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন। আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জনবান্ধব পুলিশিংসহ দায়িত্ব পালনে স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়।
সিরাজগঞ্জ পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেডে মঙ্গলবার দুপুরে আয়োজিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) এ সম্মাননা তুলে দেন।
পরে পুলিশ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা করা হয়।
এ সম্মাননা গ্রহণের পর অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান বলেন, এ অর্জন রায়গঞ্জ সার্কেলের প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীলতার স্বীকৃতি। তিনি পুলিশ সুপার, ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা এবং স্থানীয় জনগণের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, ভবিষ্যতেও আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিং কার্যক্রমে নিয়োজিত থাকবেন। তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান ও জনসেবামুখী পুলিশিং জোরদারে কার্যকর ভূমিকা রাখেন এবং এ সার্কেলের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
উল্লেখ্য, জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জুন ২০২৬ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে ২৫ জন পুলিশ সদস্যকে অর্থ পুরস্কার, সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।
