জীবননগরে ট্রাফিক আইন লঙ্ঘনে ৪০ মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ১৬:৪৩ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর শহরে ট্রাফিক আইন লঙ্ঘনের অপরাধে অভিযান চালিয়ে ৪০টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করেছে চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশ।
বুধবার (২৯ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশের সার্জেন্ট নাজমুল হুসাইনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে জীবননগর হাসপাতাল সড়ক, বাসস্ট্যান্ড, দত্তনগর সড়ক ও চ্যাংখালী সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশনসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। বিশেষ করে অনটেস্ট (ফিটনেসবিহীন বা প্রয়োজনীয় কাগজপত্রবিহীন) মোটরসাইকেলের ওপর অধিক গুরুত্ব দিয়ে নজরদারি চালানো হয়।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে দুই শতাধিক মোটরসাইকেল পরীক্ষা করা হয়। এ সময় বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৪০টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশের সার্জেন্ট নাজমুল হুসাইন বলেন, জীবননগর যানজটমুক্ত ও পরিচ্ছন্ন রাখার জন্য পুলিশ সুপারের নেতৃত্বে এবং ট্রাফিক পুলিশের সহায়তায় আমরা এ অভিযান অব্যাহত রাখব। ফুটপাতে অবৈধ কিছু রাখা যাবে না। নির্দিষ্ট পার্কিং প্লেস ছাড়া যেখানে-সেখানে গাড়ি পার্কিং করা যাবে না। হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া অবৈধ কোনো গাড়ি চলতে দেওয়া যাবে না। যাতে শহরটা সুন্দর রাখা যায়, সেই চেষ্টায় আমরা কাজ করছি।
তিনি বলেন, “সকাল থেকে জীবননগর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোটরসাইকেল চেকিং পরিচালনা করা হয়েছে। চালকদের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র এবং হেলমেট ব্যবহার নিশ্চিত করতে যাচাই-বাছাই করা হয়। বিশেষ করে অনটেস্ট গাড়িগুলোর ওপর বেশি নজরদারি করা হয়েছে। আজ প্রায় ২০০টির বেশি মোটরসাইকেল পরীক্ষা করে বিভিন্ন অভিযোগে ৪০টি মামলা দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং ট্রাফিক আইন মানতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।
