বোচাগঞ্জে গ্রামীণ সড়ক উন্নয়ন পরিকল্পনা নিয়ে দিনব্যাপী কর্মশালা

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ২১:০০ | অনলাইন সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) প্রকল্পের আওতায় এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অর্থায়নে বোচাগঞ্জ উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক সড়ক অগ্রাধিকার যাচাইকরণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বোচাগঞ্জ উপজেলা প্রকৌশলী জিবরীল আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফ হাসান।

কর্মশালায় আলোচক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বেটস কনসালটিং সার্ভিস লিমিটেডের জিআইএস স্পেশালিস্ট প্রকৌশলী ফাহিম শাহরিয়ার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. দুলাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ওয়াহিদা ফারজানা, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, নাফানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহনেওয়াজ পারভেজ এবং মুর্শিদহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওয়াক্কাস কাঞ্চন।

এছাড়াও কর্মশালায় জিআইএসভিত্তিক তথ্য বিশ্লেষণ ও কারিগরি কার্যক্রমে অংশ নেন বেটস কনসালটিং সার্ভিস লিমিটেডের জিআইএস অ্যানালিস্ট ফাহিম আহমদ দিব্র।

এ সময় উপস্থিত ছিলেন আলোকিত বাংলাদেশ পত্রিকার দিনাজপুর প্রতিনিধি মো. সিদ্দিক হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বোচাগঞ্জ উপজেলা এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা।

বক্তারা বলেন, বোচাগঞ্জ উপজেলার গ্রামীণ সড়কের দুরবস্থা এবং বর্ষাকালে সাধারণ জনগণের যাতায়াতে নানা ধরনের দুর্ভোগ ও ঝুঁকির মুখে পড়তে হয়। এ সময় বোচাগঞ্জ উপজেলা এলজিইডির প্রকৌশলী জিবরীল আহাম্মদ সকলকে আশ্বস্ত করে বলেন, গ্রামীণ সমস্যায় জর্জরিত রাস্তাগুলো পর্যায়ক্রমে পাকাকরণের আওতায় আনা হবে।