রংপুর মেডিকেলে আইসিইউতে বাড়ছে আরও ১০ শয্যা
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ২১:৫১ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটে খুব শিগগিরই আরও ১০টি শয্যা বৃদ্ধি করা হবে। পাশাপাশি কেবিনে ভর্তি রোগীদের সঙ্গে থাকা একজন সঙ্গীর জন্য পৃথক বসার ব্যবস্থাও করা হবে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞের সংকটের কারণে হাসপাতালে সব সময় অস্ত্রোপচার কার্যক্রম চালু রাখা সম্ভব হয় না। এ সমস্যার সমাধানে সার্বক্ষণিক অস্ত্রোপচার সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
লাশ পরিবহণে বিদ্যমান অনিয়ম দূরীকরণের বিষয়ে তিনি বলেন, লাশবাহী অ্যাম্বুলেন্সগুলো তালিকাভুক্ত করা হবে এবং কিলোমিটারভিত্তিক ভাড়ার হার নির্ধারণ করে চার্ট প্রণয়ন করা হবে। পাশাপাশি চালানের মাধ্যমে বিল পরিশোধের ব্যবস্থা চালু করা হবে।
মন্ত্রী আরও বলেন, হাসপাতালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে একটি পুলিশ কন্ট্রোল রুম স্থাপনসহ পুরো হাসপাতালকে সিসিটিভি নজরদারির আওতায় আনা হবে। এছাড়া রাতের বেলায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করতে আগামী সাত দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
একই সঙ্গে হাসপাতালের দেওয়াল ভেঙে নতুন প্রবেশদ্বার নির্মাণ, আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং জলাবদ্ধতা নিরসনে রংপুর সিটি কর্পোরেশনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
হাসপাতালে দালালচক্র নির্মূলের বিষয়ে মন্ত্রী বলেন, এই চক্র যাতে হাসপাতালে প্রবেশ করতে না পারে, সে জন্য আউটসোর্সিংয়ের মাধ্যমে অতিরিক্ত জনবল নিয়োগের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রত্যেক কর্মচারীকে পরিচয়পত্র ও নির্ধারিত পোশাক পরিধান করে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বাস্থ্য খাতে সরকারের উদ্যোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, জনগণের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার এ খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগে বাজেটে বরাদ্দ দেওয়া হয়েছে। জনবল সংকট নিরসনের মাধ্যমে দেশের হাসপাতালগুলোর সেবার মান আরও উন্নত করা হবে।
তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান বেলাল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সী, বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামু, জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন।
