দীর্ঘদিন পর সিরাজগঞ্জ ট্রাক শ্রমিক ইউনিয়নের ভোটগ্রহণ সম্পন্ন

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ২১:৫৭ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে উৎসবমুখর পরিবেশে এ ভোটগ্রহণ শুরু হয়। দীর্ঘদিন পর এ নির্বাচনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত শ্রমিক ইউনিয়নের কার্যালয় চত্বরে স্থাপিত ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হয়।

ভোটকেন্দ্রে ২৫টি বুথের ব্যবস্থা করা হয়েছে। এবার ৩ হাজারের বেশি শ্রমিক ভোটাধিকার প্রয়োগের সুবিধা পেয়েছেন।

এ জেলার বিভিন্ন উপজেলা থেকে শ্রমিকরা সকাল থেকেই কেন্দ্রে এসে ভোট দিয়েছেন। লাইনে দাঁড়ানো ভোটাররা বলছেন, শ্রমিকদের অধিকার, কল্যাণ ও ন্যায্য দাবি আদায়ে যিনি কাজ করবেন তাকেই ভোট দিচ্ছি।

ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক পৌর কাউন্সিলর তাজ উদ্দিন বলেন, জাতীয় ও আন্তর্জাতিক নানা কারণে দীর্ঘদিন নির্বাচন আয়োজন সম্ভব হয়নি। দায়িত্ব গ্রহণের পরই তারা নির্বাচন আয়োজনের উদ্যোগ নিয়েছেন। একটি নির্বাচিত প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করাই প্রধান লক্ষ্য।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ইউনিয়নের ১৫টি পদের মধ্যে সভাপতি পদে মনিরুজ্জামান মনি ও সাধারণ সম্পাদক পদে আব্দুল ওয়াহাব বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অবশিষ্ট ১৩টি পদের জন্য ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান পিপি অ্যাড. রফিক সরকার আলোকিত বাংলাদেশকে বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। ইতোমধ্যেই ভোট গণনার কার্যক্রম শুরু হয়েছে এবং রাতেই ফলাফল ঘোষণা করা হবে বলে উল্লেখ করেন তিনি।