ঈশ্বরদীতে বিএসআরআইয়ের সমাপ্ত প্রকল্প পরিদর্শন, মতবিনিময়
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ২২:০১ | অনলাইন সংস্করণ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টরের সহকারী পরিচালক পাবনার ঈশ্বরদীতে অবস্থিত দেশের একমাত্র বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই)-এর সমাপ্ত দুটি প্রকল্প পরিদর্শন এবং প্রকল্পের আওতায় সুবিধাভোগী আখচাষীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টরের সহকারী পরিচালক মো. তৈয়াবুর রহমান মোল্লা বিএসআরআইয়ের সমাপ্ত দুটি প্রকল্পের আওতায় কৃষক পর্যায়ে আখের রোগমুক্ত বীজ উৎপাদন ও বিস্তার (১ম সংশোধিত) এবং আখের সঙ্গে সাথী ফসল হিসেবে ডাল, মসলা ও সবজিজাতীয় ফসল উৎপাদন প্রকল্পের (১ম সংশোধিত) সুফলভোগী আখচাষিদের কার্যক্রম পরিদর্শন করেন।
পরে তিনি সমাপ্ত প্রকল্পের আওতায় সুবিধাভোগী আখচাষীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
এ সময় তিনি ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া আখ ক্রয়কেন্দ্র প্রাঙ্গণে বিএসআরআই আয়োজিত সমাপ্ত প্রকল্পের সুফলভোগী আখচাষীদের নিয়ে অনুষ্ঠিত সভায় আখচাষীদের কাছ থেকে সরাসরি প্রকল্পের সুবিধার কথা শোনেন।
আখচাষীরা আখ চাষে নানাবিধ সমস্যা, প্রকল্পের মেয়াদ বৃদ্ধি, আখের মূল্য প্রতি মণ ৩০০ টাকা নির্ধারণ, নভেম্বরের পরিবর্তে অক্টোবরের মাঝামাঝি সময়ে চিনিকল চালু, কৃষকদের মুড়ি আখ আগে সরবরাহের ব্যবস্থা, উন্নত জাতের বীজ উৎপাদন, ফলন বৃদ্ধি এবং কৃষকদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন।
মতবিনিময় সভায় আখচাষি ও সাংবাদিক আলমাস আলী, শহীদুল্লাহ খান, আখচাষি আকাতুল্লাহ খান, পাটিকাবাড়ির আখচাষি শাহিনুর ইসলাম, বাবলু শাহ, কাশেম খান, বাদশা প্রামাণিক প্রমুখ আখ চাষের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
পরে দুপুরে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টরের সহকারী পরিচালক মো. তৈয়াবুর রহমান মোল্লা পাবনার আটঘরিয়া উপজেলায় ‘ভূগর্ভস্থ সেচনালা বর্ধিতকরণের মাধ্যমে সেচ এলাকা ও সেচ দক্ষতা বৃদ্ধি এবং পরীক্ষামূলকভাবে ড্রিপ সেচ পদ্ধতির প্রচলন’ শীর্ষক সমাপ্ত প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রম সরেজমিনে পরিদর্শন এবং উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।
