হবিগঞ্জে ৬৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, পালাল চোরাকারবারিরা
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ১৬:১৯ | অনলাইন সংস্করণ
হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃক জেলার মাধবপুর উপজেলায় পরিচালিত পৃথক অভিযানে ৬৫ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ কসমেটিক্স (কাবেরী মেহেদী), কম্বল, ফুচকা ও বিস্কুট জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি সূত্র জানায়, এর আগে বিকেলে চৌমহনী বাজার এলাকায় চেকপোস্টে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি কাভার্ড ভ্যান ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ভ্যানটি তল্লাশি করে অবৈধ কসমেটিক্স, ফুচকা ও বিস্কুট জব্দ করা হয়।
একই দিন সাতছড়ি জাতীয় উদ্যানের সামনে পরিচালিত পৃথক অভিযানে আরেকটি কাভার্ড ভ্যান থেকে ভারতীয় অবৈধ কম্বল জব্দ করা হয়।
জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেফতারে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
