হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৬০ কেজি ভারতীয় গাঁজা জব্দ

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ১৭:০২ | অনলাইন সংস্করণ

  হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) রাজেন্দ্রপুর বিওপির টহলদল সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৬০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে। যার সিজার মূল্য আনুমানিক ২ লাখ ১০ হাজার টাকা।

শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর বিওপির টহলদল সীমান্ত হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে নোয়াগাঁও নামক স্থানে টহল পরিচালনা করে।

এ সময় ভারত হতে মাদক পাচারকারী কয়েকটি বস্তায় করে ভারতীয় মালামাল নিয়ে আসতে দেখে বিজিবি টহলদল চোরাকারবারীদের ধাওয়া করলে মাদক পাচারকারীরা বস্তাগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে বস্তার মধ্যে মালিকবিহীন অবস্থায় ৬০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান।

উল্লেখ্য, চলতি মাসে ৫৫ বিজিবির বিশেষ অভিযানে ৭ লাখ টাকা মূল্যের ১৩২ কেজি ভারতীয় গাঁজা এবং ২১৯ বোতল ভারতীয় মদ, ১০ বোতল ইস্কফ সিরাপ, ৬ লিটার বাংলামদ এবং ৫ পিস ইয়াবাসহ ৭ জন আসামী আটক হয়।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করা এবং দেশের অর্থনীতিকে সুসংহত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একইসঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।