দিনাজপুরে ২ হাজার পিস ইয়াবাসহ বাসচালক গ্রেপ্তার

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ১৯:২২ | অনলাইন সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ এক বাসচালককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার রাতে উত্তর গোশাইপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি কালো ব্যাগ তল্লাশি করে ইয়াবার প্যাকেটগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট পরিমাণ দুই হাজার পিস।

জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর গোশাইপুরে জেলা ট্রাক ও ট্রাকলরি শ্রমিক ইউনিয়ন ভবনের সামনে অভিযান চালানো হয়। দশমাইল-দিনাজপুর সরকারি কলেজগামী মহাসড়কের পশ্চিম পাশে অবস্থান করার সময় সোহরাব হোসেন নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।

পরে তার হাতে থাকা ব্যাগে দুটি প্লাস্টিকে মোড়ানো প্যাকেটের ভেতরে ২০টি নীল জিপার পলিব্যাগে এই ইয়াবা ট্যাবলেটগুলো পাওয়া যায়।

গ্রেপ্তার সোহরাব হোসেন দিনাজপুর সদর উপজেলার ৮ নম্বর শংকরপুর ইউনিয়নের বরাইপুর গ্রামের বাসিন্দা। তিনি শ্যামলী পরিবহনের একটি বাসের চালক হিসেবে কর্মরত ছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, কক্সবাজার থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে দিনাজপুরের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে তিনি নিজের কাছে রেখেছিলেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।