রংপুরে পরিবেশ ও শব্দদূষণ রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ২১:০৮ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

পরিবেশ ও শব্দদূষণ প্রতিরোধে রংপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের নির্দেশনায় মহানগরীর পরিবেশ ও শব্দদূষণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সড়ক-মহাসড়কের শৃঙ্খলা নিশ্চিতকরণের লক্ষ্যে রংপুর জেলা মোটরসাইকেল মেকানিক্যাল ওয়ার্কশপ মালিক সমিতির উদ্যোগে এ মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি ট্রাফিক) মারুফ আহমেদ।

‘পরিবেশ রক্ষায় সচেতন হই, শব্দদূষণমুক্ত ও নিরাপদ রংপুর গড়ি’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পরিবেশ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে আইন মেনে চলা, অপ্রয়োজনীয় হর্ন ও উচ্চ শব্দ পরিহার এবং মোটরসাইকেলের সাইলেন্সারসহ অন্যান্য যন্ত্রাংশ মানসম্মত রাখায় সকল ওয়ার্কশপ মালিক ও সংশ্লিষ্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি পরিবেশবান্ধব ও আইনসম্মত সেবা প্রদানের জন্য সকলের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের নির্দেশনায় মহানগরীর পরিবেশ ও শব্দদূষণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সড়ক-মহাসড়কের শৃঙ্খলা নিশ্চিতকরণে সকলের সহযোগিতা কামনা করেন।

সাধারণ সভায় উপস্থিত সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা পরিবেশ দূষণ ও শব্দদূষণ রোধে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।