ফরিদপুরের বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ১৭:৪৬ | অনলাইন সংস্করণ

  বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত কৃষক ইলিয়াস শেখ (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (৩১ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার সোতাশী মোমিন মার্কেট এলাকায় মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পরে শনিবার (১ আগস্ট) সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ইলিয়াস শেখ উপজেলার ময়না ইউনিয়নের বান্দুকগ্রামের বাসিন্দা বাকু শেখের ছেলে। এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক সোতাশী গ্রামের সেলিম মিয়ার ছেলে সোহাগ মিয়াও আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৩১ জুলাই) রাতে ইলিয়াস শেখ বাইসাইকেলযোগে বোয়ালমারীর দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তার বাইসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষের পর মোটরসাইকেলটি ইলিয়াস শেখ ও তার বাইসাইকেলকে কয়েক গজ টেনে নিয়ে যায়। পরে মোটরসাইকেলটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত ইলিয়াস শেখকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হলে শনিবার (১ আগস্ট) সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।