কালিন্দী নদীতে নিখোঁজ জেলের মরদেহ ৩৬ ঘণ্টা পর উদ্ধার
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ১৮:৪৮ | অনলাইন সংস্করণ
সাতক্ষীরা প্রতিনিধি

বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নিখোঁজ জেলে মো. পিয়ার আলী গাজীর মরদেহ উদ্ধার হয়েছে।
শুক্রবার রাত প্রায় ১১টার দিকে ইছামতী নদীর খারহাট এলাকা থেকে স্থানীয় জেলেরা তার মরদেহ উদ্ধার করেন।
এর আগে, ৩০ জুলাই দুপুর ২টার দিকে কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি। পিয়ার আলী গাজী উপজেলার বসন্তপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে মাছ ধরার উদ্দেশ্যে কালিন্দী নদীতে যান পিয়ার আলী। নির্ধারিত সময় পার হলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় বাসিন্দারাও অনুসন্ধানে যোগ দেন। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত নদীর সম্ভাব্য সব এলাকায় তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান মেলেনি।
শুক্রবার (৩১ জুলাই) সকাল থেকে ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি, ডুবুরি দল এবং স্থানীয় শতাধিক মানুষ নদী ও আশপাশের এলাকায় দিনব্যাপী উদ্ধার অভিযান পরিচালনা করেন। কিন্তু সারাদিনের চেষ্টার পরও তার খোঁজ মেলেনি।
পরে রাত প্রায় ১১টার দিকে ইছামতী নদীর খারহাট এলাকায় মাছ ধরার সময় একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় এক জেলে। বিষয়টি তিনি পিয়ার আলী গাজীর ছেলে আব্দুস সবুরকে জানালে তিনি সহযোগীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার ও শনাক্ত করেন।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, কোনো অভিযোগ না থাকায় মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
