আলমডাঙ্গায় সাপের কামড়ে পঞ্চম শ্রেণির ছাত্রের মৃত্যু
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ১৫:৩৪ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে সাপের কামড়ে আব্দুল্লাহ (১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (৩ আগস্ট) রাত ৩টার দিকে নিজ বসতঘরে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আলামিন জর্দারের ছেলে এবং ঘোলদাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে প্রতিদিনের ন্যায় খাওয়া-দাওয়া শেষে আব্দুল্লাহ মায়ের সঙ্গে নিজ বসতঘরে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে তার হাতে সাপে কামড় দেয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে রাতেই সে মারা যায়।
নিহতের বাবা আলামিন জর্দার জানান, তার ছেলে আব্দুল্লাহ প্রতিদিনের ন্যায় মায়ের সঙ্গে নিজ বসতঘরে ঘুমাতে যায়। এরপর গভীর রাতে তাকে বিষাক্ত সাপে কামড় দিলে এ ঘটনা ঘটে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল জানান, তিনি ঘটনাটি শুনেছেন।
