দিনাজপুরে সবজির বাজারে আগুন, কাঁচা মরিচ ৩০০ টাকা কেজি
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ১৭:১৩ | অনলাইন সংস্করণ
সিদ্দিক হোসেন, দিনাজপুর

টানা কয়েক দিনের বৃষ্টির প্রভাবে দিনাজপুর জেলার ১৩টি উপজেলার হাট-বাজারে কাঁচাবাজারে হঠাৎ বেড়ে গেছে সবজির দাম। বর্তমানে বেশির ভাগ সবজির কেজি ৬০ টাকা থেকে ৮০ টাকা ছাড়িয়েছে। ব্যতিক্রম শুধু কয়েকটি সবজি। এর মধ্যে কাঁচা মরিচের দাম পৌঁছেছে কেজিপ্রতি ৩০০ টাকায়।
দিনাজপুর জেলার ১৩টি উপজেলার বিভিন্ন হাট-বাজার ও কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে কচুর লতি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০ টাকা, বরবটি ৮০ টাকা, জালি প্রতি পিস ৬০ টাকা, লাউ প্রতি পিস ৫০ টাকা, পেঁপে কেজিপ্রতি ৪০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, গাজর ১৩০ টাকা, শসা ১০০ টাকা এবং পটল ৬০ টাকায়।
এ ছাড়া কাঁচা মরিচের কেজি ৩০০ টাকা, টমেটো ১৬০ টাকা, করলা ১২০ টাকা, উচ্ছে ১৪০ টাকা, লম্বা বেগুন ১২০ টাকা, গোল বেগুন ৮০ টাকা, ঢেঁড়স ৭০ টাকা এবং কাঁকরোল ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে কেনাকাটা করতে আসা সরকারি চাকরিজীবী ও সাধারণ ক্রেতারা বলেন, কয়েক দিন ধরেই সবজির দাম বাড়ছিল, তবে আজ এসে আরও বেশি বেড়েছে। তাদের ভাষ্য, এখন বাজারে ৮০ টাকার নিচে সবজি পাওয়া কঠিন। অধিকাংশ সবজির দাম ৬০ থেকে ৮০ টাকার মধ্যে। কাঁচা মরিচ কিনতে হয়েছে ৩০০ টাকা কেজি দরে, কোথাও আবার ৩০০ টাকাতেও পাওয়া যাচ্ছে না।
তারা বলেন, বর্ষাকালে বৃষ্টির কারণে কিছুটা দাম বাড়তেই পারে, কিন্তু এতটা বৃদ্ধি গ্রহণযোগ্য নয়। বাজার তদারকির অভাবেই বিক্রেতারা ইচ্ছেমতো দাম নিচ্ছেন বলে অভিযোগ করেন তারা।
দিনাজপুর বাহাদুর বাজারের আরেক ক্রেতা রফিকুল ইসলাম বলেন, কয়েক দিন আগেও অনেক সবজি ৪০ থেকে ৫০ টাকার মধ্যে ছিল। এখন বেশির ভাগই ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। তার মতে, সবজির এমন দাম হলে সাধারণ মানুষের জন্য মাছ, মাংস বা মুরগি কেনা আরও কঠিন হয়ে পড়বে।
অন্যদিকে বিক্রেতাদের দাবি, টানা বৃষ্টির কারণে পাইকারি বাজারে সবজির সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। বাহাদুর বাজারের সবজি বিক্রেতা সামসুল বলেন, বৃষ্টির কারণে অনেক এলাকার ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে দিনাজপুরে সবজির সরবরাহও কম এসেছে। এ কারণে বাজারে দাম বেড়েছে।
তিনি আরও জানান, বৃষ্টি অব্যাহত থাকলে সবজির দাম আরও বাড়তে পারে। তবে আবহাওয়া স্বাভাবিক হলে সরবরাহ বাড়বে এবং দামও ধীরে ধীরে কমে আসবে।
