চোরাই অটোরিকশা কেনাবেচার সময় হাতেনাতে গ্রেপ্তার ৩
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ১৮:০২ | অনলাইন সংস্করণ
পটিয়া প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় চোরাই সিএনজি অটোরিকশা কেনাবেচার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পটিয়া থানা পুলিশ।
রোববার (২ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে পটিয়া পৌরসদরের বাহুলী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন ফাতেমা মোটরসের সামনে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. নুরুল আমিন (৩০), উজ্জ্বল মিয়া (৩৬) ও রিমন আহমদ (২৭)।
পুলিশ জানায়, চট্টগ্রাম জেলা পুলিশের চোরাই যানবাহনবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে কয়েকদিন ধরে চক্রটির গতিবিধির ওপর নজরদারি চালানো হচ্ছিল।
রোববার চোরাই অটোরিকশা কেনাবেচার সময় হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে দাবি পুলিশের।
উদ্ধার হওয়া চারটি অটোরিকশার মধ্যে তিনটিতে নম্বরপ্লেট ছিল না। চতুর্থটির নিবন্ধন নম্বর চট্টমেট্রো-থ-১১-৪৩৪৩ বলে জানিয়েছে পুলিশ।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হকের নেতৃত্বে এই অভিযানে অংশ নেন এসআই মো. আখতার হোছাইন, এএসআই মীর মো. মনির হোসেন ও এএসআই আল আমিন খানসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা।
পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ চোরাই যানবাহন চক্রের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন। উদ্ধার অটোরিকশাগুলোর প্রকৃত মালিক শনাক্ত এবং চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।
পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, “এ ঘটনায় পটিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার তিন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। চোরাই যানবাহন কেনাবেচা, সংঘবদ্ধ অপরাধ, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত কোনো চক্রের বিরুদ্ধে ছাড় দেওয়া হবে না।”
