ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ১৯:৪৯ | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে ২২০ পিস ইয়াবা, ৯ বোতল ফেন্সিডিল এবং মাদক বিক্রির নগদ ৩২ হাজার টাকাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার সকালে শহরের শাহপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. রাহেশ (৫৩) নামের ওই মাদক কারবারিকে আটক করা হয়। তিনি ঠাকুরগাঁও পৌরসভার শাহপাড়া এলাকার মৃত যাদু শেখের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন অর রশীদ।
তিনি জানান, দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন আটক রাহেশ। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ২২০ পিস ইয়াবা, ৯ বোতল ফেন্সিডিল এবং মাদক বিক্রির নগদ ৩২ হাজার টাকাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
