সিরাজগঞ্জে পৃথক ঘটনায় দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ২১:২১ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পৃথক দুটি গ্রাম থেকে দুই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন, উপজেলার নাদোসৈয়দপুর গ্রামের আব্দুল জলিলের স্ত্রী সালমা খাতুন (৩৫) এবং হাড়িসোনা গ্রামের হাসেম আলীর স্ত্রী মীম খাতুন (১৬)। তাদের মৃত্যু নিয়ে এলাকায় ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার সকালে স্বামীর ঘরের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমা খাতুনের লাশ উদ্ধার করে পুলিশ। একই সময়ে হাড়িসোনা গ্রাম থেকে মীম খাতুনের লাশও উদ্ধার করা হয়।

পরে বিকেলে তাদের মরদেহ সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান আলোকিত বাংলাদেশকে বলেন, দুই গৃহবধূর ক্ষেত্রেই রান্না ও যৌতুকের দাবিকে কেন্দ্র করে স্বামীর সঙ্গে ঝগড়া-বিবাদ এবং মারধরের ঘটনা ঘটে। এসব ঘটনা সহ্য করতে না পেরে তারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।