কাউখালীতে অভিভাবক মতবিনিময় সভা, সম্মিলিত উদ্যোগের আহ্বান

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ১৬:০৭ | অনলাইন সংস্করণ

  কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের কাউখালী উপজেলার রঘুনাথপুরে অবস্থিত এগারো গ্রাম সম্মিলনী (ই.জি.এস.) শিক্ষা নিকেতনে শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা, সহশিক্ষা কার্যক্রম এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। প্রতিষ্ঠানের সভাপতি ও কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ. এম. দীন মোহাম্মদ সভায় সভাপতিত্ব করেন।

সভায় বক্তারা বলেন, একটি জাতির উন্নয়নের প্রধান চালিকাশক্তি হলো শিক্ষা। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সচেতন সমাজের সম্মিলিত অংশগ্রহণের কোনো বিকল্প নেই। এ লক্ষ্য বাস্তবায়নে অভিভাবকদের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠান পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, নিয়মিত উপস্থিতি এবং আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি ওসি আনোয়ার হোসেন শিক্ষার্থীদের মাদক, কিশোর গ্যাং এবং সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে পরিবার ও বিদ্যালয়ের যৌথ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার, শিক্ষক হাফিজুর রহমান, প্রতিষ্ঠানের দাতা সদস্য ও সাবেক সভাপতি সবুজ হোসেন চৌধুরী এবং নবম শ্রেণির ছাত্রী নুসরাত জাহান।

সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন বিষয়ে অভিভাবকদের সঙ্গে খোলামেলা মতবিনিময় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।