ফরিদপুরে অভিযানে ৪ হাসপাতাল ও ১ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ১৮:২৭ | অনলাইন সংস্করণ
ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি বেসরকারি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান ও নাজমুন নাহার নাঈম উপস্থিত ছিলেন।
অভিযান শেষে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় আল-জারা প্রাইভেট হাসপাতাল, মেডিকেল প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, লিলি প্রাইভেট হাসপাতাল, হলি সিটি প্রাইভেট হাসপাতাল এবং মা-মনি ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক ও হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়।
এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে ভর্তি থাকা রোগীদের নিরাপদ চিকিৎসা নিশ্চিত করতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল অথবা অন্য উপযুক্ত হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযানে চিহ্নিত অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, জনস্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
