রংপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা প্রশাসনের কর্মসূচি
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ১৯:০৪ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

রংপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদ্যাপন উপলক্ষে জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা হবে। এরপর সকাল ১০টা ৩০ মিনিটে রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
দিবসটি উপলক্ষে বাদ জোহর অথবা সুবিধাজনক সময়ে জেলার সকল মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে।
পাশাপাশি, সুবিধাজনক সময়ে মিলনায়তন অথবা উন্মুক্ত স্থানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক সরবরাহকৃত চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার জাদুঘরসমূহ বিনা টিকিটে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও রংপুর জেলার সকল সরকারি ও বেসরকারি বিনোদনমূলক স্থান শিশুদের জন্য উন্মুক্ত রাখা এবং বিনা টিকিটে প্রদর্শনের ব্যবস্থা থাকবে।
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সুবিধাজনক সময়ে জেলার সকল সরকারি হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার, শিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, ডে-কেয়ার ও শিশু বিকাশ কেন্দ্র এবং ভবঘুরে প্রতিষ্ঠানসমূহে প্রীতিভোজের আয়োজন করা হবে।
এছাড়াও সুবিধাজনক সময়ে রংপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করার নির্দেশ প্রদান করা হয়েছে।
