সিরাজগঞ্জে বিভিন্ন অপরাধে ৬ প্রতিষ্ঠান মালিককে জরিমানা
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ১৯:২৬ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে সুগন্ধি চালের মিল ও পাইকারি দোকানে অভিযান চালিয়ে ৬ প্রতিষ্ঠান মালিককে ৫২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
চালের দাম বেশি নেওয়া, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ক্রয় রশিদ না থাকায় এ জরিমানা করেন ওই অধিদপ্তরের সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা শহরের মুন্সী মেহেরুল্লাহ রোড ও বড় বাজারে অভিযান চালায়।
এ অভিযানে বিভিন্ন অপরাধে মেসার্স একতা ভান্ডারের মালিক মহাদেব চন্দ্র দাসকে ৩০ হাজার এবং মেসার্স মামা স্টোরের মালিক মঞ্জুরুলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে সোমবার বিকেলে রায়গঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় ওই অধিদপ্তর।
এ অভিযানে চান্দাইকোনা বাজারের মেসার্স কুন্ড এন্ড সন্সের মালিক প্রশান্ত কুমার কুন্ডুকে ৫ হাজার, মেসার্স ইয়ামনি ট্রেডার্সের মালিক ইউসুফ আলীকে ৩ হাজার, মেসার্স একতা ট্রেডার্সের মালিক ফরহাদকে ৩ হাজার এবং মেসার্স আল আমিন স্টোরের মালিক আল আমিনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় সুগন্ধি চালের বাজারদর, মজুদ ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। অভিযানে উপজেলা খাদ্য কর্মকর্তা, খাদ্য পরিদর্শক, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
