ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে আ. লীগ নেতা আটক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ২০:০৭ | অনলাইন সংস্করণ
বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে ইমিগ্রেশন সার্ভারের স্টপলিস্টে নাম থাকায় মো. হুমায়ুন তালুকদার নামে এক যাত্রীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ৩টার দিকে তিনি বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার জন্য ইমিগ্রেশন সম্পন্ন করতে গেলে সার্ভারের স্টপলিস্টে তার নাম শনাক্ত হয়। পরে দায়িত্বরত ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
আটক হুমায়ুন তালুকদার টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সুভল্লা এলাকার বাসিন্দা। তার পিতা আব্দুর রশিদ তালুকদার। তার পাসপোর্ট নম্বর A05025454।
ইমিগ্রেশন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং মির্জাপুর উপজেলা কৃষক লীগের বহিষ্কৃত সভাপতি। পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে মির্জাপুর থানায় একটি মামলা রয়েছে। মামলাটি এফআইআর নং-০৫, তারিখ ৪ জানুয়ারি ২০২৬।
মামলায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪/৫ ধারা ছাড়াও দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩, ১৪৭, ৪৪৭, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭ ও ৩৪ ধারায় অভিযোগ রয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন ওসি সাইফুর রহমান জানান, পাসপোর্ট কম্পিউটারে আপলোড থাকা স্টপলিস্টে নাম থাকার কারণে তাকে আটক করা হয়েছে।
প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
