স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করলেই কমবে জলাবদ্ধতা: চসিক মেয়র
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ২০:৫৭ | অনলাইন সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো

নগরীর জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে খাল পুনরুদ্ধার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় নগরীর চকবাজার ফুলতলা এলাকার রসুলবাগ (চাক্তাই) খাল পরিদর্শনকালে তিনি চলমান খনন, পরিচ্ছন্নতা ও উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করেন।
এ সময় খালের পানিপ্রবাহ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং চলমান কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও জলাবদ্ধতামুক্ত নগরীতে রূপান্তর করতে খালগুলোর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। খাল শুধু পানি নিষ্কাশনের মাধ্যম নয়, এটি নগরীর পরিবেশগত ভারসাম্যেরও গুরুত্বপূর্ণ অংশ। তাই খাল পুনরুদ্ধার, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং উন্নয়ন কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যেতে হবে।”
তিনি আরও বলেন, “রসুলবাগ খালে চলমান খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি সন্তোষজনক। কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বশীলতার সঙ্গে কাজ সম্পন্ন করায় সংশ্লিষ্ট ঠিকাদারদের আন্তরিক প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই। এই ধারাবাহিকতা বজায় থাকলে নগরীর জলাবদ্ধতা নিরসনে আরও দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আসবে।”
মেয়র সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “উন্নয়ন কাজের পাশাপাশি ভবিষ্যতে খালের নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। জনগণের অর্থে পরিচালিত প্রতিটি প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এমপি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী এবং মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা।
পরিদর্শন শেষে মেয়র খালের পানিপ্রবাহ সচল রাখা, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা এবং চলমান উন্নয়ন কাজ নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ মান বজায় রেখে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, খাল পুনরুদ্ধার ও সমন্বিত উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে চট্টগ্রামকে ধাপে ধাপে একটি পরিচ্ছন্ন, সবুজ, আধুনিক ও জলাবদ্ধতামুক্ত নগরীতে পরিণত করা সম্ভব হবে।
