মধুপুরে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ২১:৩৫ | অনলাইন সংস্করণ

  টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোবদ এলাকায় পরিবেশের ছাড়পত্র ছাড়াই পরিচালিত একটি অবৈধ পুরাতন ব্যাটারি থেকে সীসা উৎপাদনকারী কারখানা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এছাড়া কারখানাটির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম।

অভিযানকালে দেখা যায়, কারখানাটি কোনো ধরনের পরিবেশের ছাড়পত্র ছাড়াই পুরাতন ব্যাটারি গলিয়ে সীসা উৎপাদন করে আসছিল। এতে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি হয়।

পরে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী অবৈধ কারখানাটি সম্পূর্ণরূপে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং মালিকের বিরুদ্ধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল। এ সময় কার্যালয়ের পরিদর্শক মো. নুরুল আমিন প্রধানসহ পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। অভিযানে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরাও সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল বলেন, পরিবেশ দূষণ প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় জেলার বিভিন্ন স্থানে পরিবেশের ছাড়পত্রবিহীন ও অবৈধ শিল্পকারখানার বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা ও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।