যথাযোগ্য মর্যাদায় দিনাজপুরে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ১৭:৫৮ | অনলাইন সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী স্থানীয় জুলাই যোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত হয়ে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। শ্রদ্ধা নিবেদনের শুরুতে দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম এবং পুলিশ সুপার মো. জেদান আল মুসা জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিভিন্ন রাজনৈতিক দল এবং জুলাই যোদ্ধারা পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর শিশু একাডেমি মিলনায়তনে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মানে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে একটি ঐতিহাসিক সরকার পতনের আন্দোলন। ওই আন্দোলনে আমরা সফল হয়েছি। যার ফলে আজ আমরা সুস্থ নির্বাচন ও জনগণের অংশগ্রহণমূলক ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হয়েছি। দেশের মানুষ এর সুফল ভোগ করতে পারছেন।

তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং আগামীতে গণতান্ত্রিক চেতনা রক্ষায় সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য দেন পুলিশ সুপার মো. জেদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাবিবুল হাসান এবং জেলা বিএনপির সহ-সভাপতি মো. খালেকুজ্জামান বাবুসহ প্রমুখ।

দিনব্যাপী আয়োজিত এসব কর্মসূচিতে বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় প্রতিনিধিরা অংশ নেন।