রংপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ১৮:২২ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম।

সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে জাতি নতুন করে দেশ গড়ার প্রত্যয় অর্জন করেছে। সেই প্রত্যয় বাস্তবায়নে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে।

তিনি বলেন, কিছু গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধনেরও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিভাগীয় কমিশনার আরও বলেন, পারিবারিক ও সামাজিক সম্প্রীতিকে ক্ষতিগ্রস্ত করে এমন যেকোনো পরিস্থিতি পরিহার করে জাতীয় ঐক্য ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ইমরান আহমেদ বলেন, আন্দোলনে সম্পৃক্ত অনেককে কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। গেজেট পুনর্বহাল এবং স্বাস্থ্য কার্ড প্রদানসংক্রান্ত বিষয় দ্রুত নিষ্পত্তির জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন। পাশাপাশি তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, সহজ ঋণ, প্রশিক্ষণ ও সরকারি সহায়তা বাড়ানোর আহ্বান জানান তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ইমতিয়াজ আহমেদ ইমতি বলেন, রংপুরে জুলাই আন্দোলনের সময় সংঘটিত হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া এখনো দৃশ্যমান নয়। তিনি দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত এবং এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, জুলাই আন্দোলন দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে। সেই ঐক্য অটুট রাখতে আন্দোলনের চেতনা ধারণ করে জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দল ও নেতৃবৃন্দকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এবং জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম প্রমুখ।

সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া জুলাই শহিদ পরিবারের সদস্য ও আহতদের পরিবারের সদস্যদের মধ্যে উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জুলাই যোদ্ধা, আহত ও শহিদ পরিবারের সদস্য এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এদিকে, জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে রংপুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় রংপুরের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম।

এরপর রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এবং জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের রংপুর জেলা ও মহানগর ইউনিট কমান্ড, জুলাই শহিদ পরিবারের সদস্যবৃন্দ এবং জুলাই যোদ্ধারা যৌথভাবে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।

এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।