সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ১৮:৩৬ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে হেরোইন রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় যুবক সোহেল রানাকে (২২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জের কোদালকাটি গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় প্রদান করেন। ওই আদালতের এপিপি শামচুজ্জোহা শাহানশাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২০২৩ সালের ৩ এপ্রিল হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামারচর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় পুলিশ। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী গ্রামীণ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৬৪ গ্রাম হেরোইনসহ সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত শেষে পুলিশ তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ বিচারক এ রায় ঘোষণা করেন।
