বেনাপোলে দুই স্বর্ণবারসহ পাসপোর্টধারী আটক, মূল্য প্রায় ২২ লাখ টাকা

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ২২:১১ | অনলাইন সংস্করণ

  বেনাপোল প্রতিনিধি

ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রেশন কাস্টমস থেকে দুইটি স্বর্ণবারসহ এক বাংলাদেশি পাসপোর্টধারীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা সদস্যরা।

বুধবার (৫ আগস্ট) বিকেলে যাত্রীর শরীর তল্লাশি করে বায়ুপথ থেকে এসব স্বর্ণবার উদ্ধার করা হয়।

আটক স্বর্ণপাচারকারী মোবারক হোসেন মুন্সিগঞ্জ সদর এলাকার তাজউদ্দীনের ছেলে।

বেনাপোল কাস্টমস গোয়েন্দা শাখার সহকারী কমিশনার সাজিদ মাহাদুদ কৌশিক জানান, ভারতে যাওয়ার সময় ওই যাত্রীর আচার-আচরণ ও চলাফেরা সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

একপর্যায়ে তিনি নিজের কাছে স্বর্ণ থাকার কথা স্বীকার করেন। পরে তার প্যান্টের পকেট থেকে ১০০ গ্রাম ওজনের দুটি স্বর্ণবার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২২ লাখ টাকা।

এরপর তার শরীরের ভেতরে আরও স্বর্ণ রয়েছে কি না, তা নিশ্চিত হতে এক্স-রে করা হয়। তবে সেখানে আর কোনো স্বর্ণ পাওয়া যায়নি। আটক পাসপোর্টধারীর বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা করা হবে বলে জানান কাস্টমসের এ কর্মকর্তা।