সদস্যদের ৪ কোটি টাকা ফেরত দিতে চান যুবধারার চেয়ারম্যান জুলহাস
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ২২:১৬ | অনলাইন সংস্করণ
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরে বন্ধ হয়ে যাওয়া সমবায় সমিতির কার্যক্রম পুনরায় চালু করতে চান যুবধারার চেয়ারম্যান মো. জুলহাস মিয়া। সমিতির সদস্যদের প্রায় ৪ কোটি টাকা ফেরত দিতে এবং সমিতির বিনিয়োগের অর্থ উত্তোলনের সুযোগ চেয়ে বুধবার (৫ আগস্ট) হাজীগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি।
প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. জুলহাস মিয়া বলেন, ২০২৩ সালে কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী সদস্যদের সঞ্চয় ও সমিতির বিনিয়োগের কিস্তির টাকা আত্মসাতের কারণে সদস্যদের মধ্যে আস্থাহীনতা সৃষ্টি হয়। এর ফলে সঞ্চয় উত্তোলনের হার বেড়ে যায়।
তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর কিছু স্বার্থান্বেষী মহল তাঁর প্রতিষ্ঠানগুলোতে ভাঙচুর চালিয়ে কম্পিউটারসহ গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে যায় এবং প্রয়োজনীয় নথিপত্র নষ্ট করে। একই সঙ্গে বিনিয়োগ গ্রহণকারী গ্রাহকেরা কিস্তি পরিশোধ বন্ধ করে দেন। এ পরিস্থিতিতে তিনি বাধ্য হয়ে সমিতির অফিসিয়াল কার্যক্রম বন্ধ করে দেন।
জুলহাস মিয়া আরও বলেন, এরপরও তিনি ব্যক্তিগত সম্পদ বিক্রি করে গ্রাহকদের সঞ্চয়ের প্রায় ৩ কোটি টাকা পরিশোধ করেছেন। বর্তমানে গ্রাহকদের সঞ্চয় বাবদ সমিতির প্রায় ৪ কোটি টাকা দায় রয়েছে। বিপরীতে সমিতির প্রায় ১৮ কোটি টাকা বিনিয়োগ রয়েছে। কিন্তু কার্যক্রম বন্ধ থাকায় সেই বিনিয়োগের অর্থ উত্তোলন করা সম্ভব হচ্ছে না।
তিনি সদস্যদের উদ্দেশে বলেন, “আমি আপনাদের সঞ্চয়ের টাকা ফেরত দিতে চাই। এজন্য সমিতির অফিসিয়াল কার্যক্রম চালু করতে হবে। আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আমরা বিনিয়োগের অর্থ উত্তোলন করতে পারলে ধারাবাহিকভাবে আপনাদের সঞ্চয়ের টাকা পরিশোধ করতে পারব। কারণ, আপনাদের সঞ্চয়ের তুলনায় আমাদের বিনিয়োগের পরিমাণ প্রায় চার গুণ বেশি।”
যুবধারা কর্তৃক আয়োজিত এবং হাজীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক পাপ্পু মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
