হাজীগঞ্জ মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে গণঅভ্যুত্থান দিবস পালিত
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ১৬:৩০ | অনলাইন সংস্করণ
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ মো. আবু ছাইদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আত্মত্যাগ, সাহস ও সংগ্রাম ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। এই আন্দোলন দেখিয়ে দিয়েছে, দেশের প্রয়োজনে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা ও বৈষম্যহীন দেশ গঠনে জনগণ কীভাবে এক ও ঐক্যবদ্ধ হতে পারে।
সভায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. হোসাইনুল আজম, কলেজ বিএম শাখার সমন্বয়কারী মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ শাখার সমন্বয়কারী মো. তাজুল ইসলাম, ভোকেশনাল শাখার সমন্বয়কারী মো. জহিরুল ইসলাম মজুমদার, সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমানসহ শিক্ষার্থীরা।
বক্তব্য শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এর আগে জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের মাগফেরাত, আহতদের সুস্থতা ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মহিউদ্দিন মো. নাজমুছ শাহাদাত।
এ সময় শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
