কাউখালীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের আহ্বান

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ১৬:৩৬ | অনলাইন সংস্করণ

  কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত ৯ জন জুলাই যোদ্ধাকে ফুল দিয়ে বরণ করা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতন্ত্র প্রতিষ্ঠায় আত্মত্যাগ এবং দেশ গঠনে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারীদের আদর্শ ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে। তিনি দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতা ও উন্নয়নসহ সব বিষয়ে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস. এম. আহসান কবীর, সাধারণ সম্পাদক এইচ. এম. দ্বীন মোহাম্মদ, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, সহকারী কমিশনার (ভূমি) রাইসুল ইসলাম, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

এর আগে, প্রতিমন্ত্রী দলীয় নেতাকর্মীদের নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন এবং শিয়ালকাঠি ইউনিয়নের তালুকদার হাট ব্রিজ ও কচুয়াকাঠি ব্রিজ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এছাড়াও তিনি দুস্থদের মাঝে চেক বিতরণ, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

পরে তিনি স্থানীয় বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।