প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিল ফরিদপুরের ১১ দলীয় ঐক্য

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ১৬:৫৩ | অনলাইন সংস্করণ

  ফরিদপুর প্রতিনিধি

গ্যাস সংকট, দীর্ঘস্থায়ী লোডশেডিং, বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধি, অভিযোগকৃত অতিরিক্ত বা ভুয়া বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির লাগাম টানতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে ফরিদপুরে স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (৬ আগস্ট) জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়।

পরে সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক মাজহারুল ইসলামের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন।

স্মারকলিপিতে বলা হয়, গ্যাস সংকট, দীর্ঘস্থায়ী লোডশেডিং এবং বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে শিল্প-কারখানা, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও গৃহস্থালির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে শিক্ষার্থীদের পড়াশোনা, হাসপাতালের চিকিৎসাসেবা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পও ক্ষতির মুখে পড়ছে।

এতে আরও বলা হয়, চাল, ডাল, ভোজ্যতেল, চিনি, পেঁয়াজ, সবজি, মাছ ও মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে অভিযোগকৃত অতিরিক্ত বা ভুয়া বিল আদায়ের বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।

স্মারকলিপিতে সাত দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে— নিরবচ্ছিন্ন গ্যাস ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, বিদ্যুৎ ও জ্বালানির মূল্য পুনর্বিবেচনা, অভিযোগকৃত অতিরিক্ত বা ভুয়া বিল তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকি জোরদার, মজুতদারি ও কালোবাজারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং জনভোগান্তি নিরসনে দ্রুত উদ্যোগ গ্রহণ।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব, ১১ দলীয় ঐক্য ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক ও জেলা জামায়াতের আমির মোহাম্মদ বদর উদ্দিন, সদস্য সচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসেন, বিডিপির জেলা সভাপতি কামরুল ইসলাম, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল ওহাব, নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ, পৌর শাখার সভাপতি ড. এহসানুল মোহাম্মদ রুবেল, শহর যুবজামাতের সভাপতি দেলোয়ার হোসেন, শহর ছাত্রশিবিরের সেক্রেটারি হাসিবুল হাসানসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা।