বীরগঞ্জে দুই শিক্ষার্থীর মৃত্যুর পর নিরাপদ পারাপারে অভিনব উদ্যোগ
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ১৭:০০ | অনলাইন সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সহকারী শিক্ষা কর্মকর্তা মেনহাজুল ইসলামের উদ্যোগে ঝুঁকিপূর্ণ মহাসড়ক নিরাপদে পারাপারে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ১৪৮ নম্বর ভাবকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী ঝুঁকিপূর্ণ মহাসড়কের দুই পাশে শিক্ষক-শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা দড়ি ধরে ড্রাম বাজিয়ে শিক্ষার্থীদের রাস্তা পারাপারে সহায়তা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মেনহাজুল ইসলাম, ১৪৮ নম্বর ভাবকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আক্তার, সহকারী শিক্ষক রাবেয়া খাতুন, দীপা রানী রায়, আফরোজা আক্তার রক্সি, ঈসাশা রানী রায়সহ শতাধিক শিক্ষার্থী।
এক সাক্ষাৎকারে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মেনহাজুল ইসলাম জানান, এর আগে ঝুঁকিপূর্ণ মহাসড়ক পারাপারের সময় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছিল। তিনি বীরগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকেই শিক্ষার্থীদের নিরাপদ পারাপার নিশ্চিত করতে এ উদ্যোগ গ্রহণ করেন।
এ বিষয়ে ১৪৮ নম্বর ভাবকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আক্তার বলেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মেনহাজুল ইসলাম স্যারের এই মহৎ উদ্যোগের জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, মহাসড়কটি পারাপারের সময় তারা সবসময় ভয়ে থাকে। সহকারী শিক্ষা কর্মকর্তা মেনহাজুল ইসলাম স্যারের এই উদ্যোগ তাদের নিরাপদে রাস্তা পারাপারে সহায়ক হবে বলে তারা আশা প্রকাশ করে।
এ বিষয়ে অভিভাবকদের সঙ্গে কথা বললে তারাও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তার এ উদ্যোগকে স্বাগত জানান এবং তাকে ধন্যবাদ জানান।
