দামুড়হুদায় ২৭ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ১৮:৩৪ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় এবং দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিনের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ২৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে দামুড়হুদা মডেল থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে কার্পাসডাঙ্গা ক্যাম্পে কর্মরত এসআই সবুজ উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দামুড়হুদা উপজেলার বাঘাডাঙ্গা নতুনপাড়া এলাকায় অক্সফোর্ড সোলার টেকনোলজির সামনে কয়েকজন ব্যক্তি ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে।

পরে সেখানে অভিযান চালিয়ে কলিম উদ্দিন ওরফে কালু (৪০), সাজিদ হাসান (২৮) এবং আশিকুর রহমানকে (২৪) আটক করা হয়। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে কলিম উদ্দিনের কাছ থেকে নীল রঙের জিপারযুক্ত পলিথিনে রাখা ২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ইয়াবাগুলো জব্দ করে থানায় নিয়ে আসা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেন, তারা পরস্পরের সহযোগিতায় বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।