রংপুরে প্রাইমারি হেলথ কেয়ার বিষয়ক মতবিনিময় সভা

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ২১:১৬ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে প্রান্তিক পর্যায়ে উন্নত চিকিৎসাসেবা রোগীদের দোরগোড়ায় পৌঁছে দিতে রংপুর সিটি কর্পোরেশন ও রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের যৌথ উদ্যোগে প্রাইমারি হেলথ কেয়ার প্রোগ্রাম বিষয়ক মতবিনিময় সভা এবং সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন।

প্রধান আলোচক ছিলেন রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার।

সভায় নাজমুল আহসান সরকার বলেন, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল স্বল্পমূল্যে উত্তরাঞ্চলের মানুষের উন্নতমানের চিকিৎসাসেবা দিতে বদ্ধপরিকর। ইতোমধ্যে রংপুর সিটি কর্পোরেশনের প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য টেলিমেডিসিন সেবা এবং ভ্রাম্যমাণ মা ও শিশু ক্লিনিক চালু করা হয়েছে।

এর মাধ্যমে স্বল্পমূল্যে মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। রংপুর সিটি কর্পোরেশনের সহযোগিতায় এ কার্যক্রমের আরও বিস্তার ঘটবে এবং সিটিবাসী উপকৃত হবে।

রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন বলেন, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষের উন্নত চিকিৎসাসেবা প্রদান করে আসছে। ইতোমধ্যেই তারা অনেক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। জনকল্যাণমূলক কর্মসূচির সঙ্গে আমরা সবসময় রয়েছি এবং সব ধরনের সহযোগিতা প্রদান করব।

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের এ ধরনের যুগান্তকারী উদ্যোগে প্রান্তিক জনগণ বিশেষভাবে উপকৃত হবে।

উল্লেখ্য, এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল সিটি কর্পোরেশনের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে সপ্তাহে দুই দিন—রোববার ও মঙ্গলবার—বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করবে।

এছাড়া স্বল্পমূল্যে সিটি কর্পোরেশনের বাসিন্দাদের উন্নত চিকিৎসাসেবা দেওয়া হবে। সেই সঙ্গে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে বিশেষ সুবিধায় ও স্বল্পমূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হবে।

আলোচনা সভার সঞ্চালনা করেন রংপুর গ্রুপের অতিরিক্ত পরিচালক মিরাজুল মুহসিন।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের সিইও রাকিব হাসান, স্বাস্থ্য বিভাগের প্রধান ডা. কামরুজ্জামান ইবনে তাজসহ রংপুর গ্রুপ ও রংপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী এবং স্বাস্থ্যকর্মীরা।