হাজীগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগ, কেয়ারটেকার আটক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ২১:৩১ | অনলাইন সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সেলিম মজুমদার (৫৫) নামে এক বাড়ির কেয়ারটেকারকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান।

এর আগে বুধবার (৫ আগস্ট) দুপুরে হাজীগঞ্জ পৌর এলাকায় এ ঘটনা ঘটে। আটক সেলিম একই উপজেলার প্রতাপপুর গ্রামের মৃত তরিক উল্লার ছেলে।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌর এলাকার এক প্রবাসী ব্যক্তির নির্মাণাধীন ছয়তলা ভবনে কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন সেলিম মজুমদার। দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে শিশুটি তাকে ‘দাদা’ বলে ডাকত। অভিযুক্ত ব্যক্তি প্রায়ই শিশুটিকে চকলেট ও বিভিন্ন খাবারের প্রলোভন দেখাতেন।

ঘটনার দিন শিশুটিকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নির্মাণাধীন ভবনের নিচতলার সিঁড়ির কক্ষ থেকে শিশুটিকে কান্নারত অবস্থায় বের হতে দেখেন তার মা।

কান্নার কারণ জানতে চাইলে শিশুটি সেলিমের অপরাধের বিষয়টি মাকে জানায়। পরে ঘরে এনে পরীক্ষা করে শিশুটির শরীরে নির্যাতনের আলামত দেখতে পান স্বজনরা। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাজীগঞ্জ থানার ওসি মো. আব্দুল মান্নান জানান, অভিযোগ পাওয়ার পরপরই রাতেই অভিযুক্ত সেলিমকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।