চাঁদপুর সরকারি মহিলা কলেজে কম্পিউটার প্রশিক্ষণ শুরু

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ২১:৪৩ | অনলাইন সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর সরকারি মহিলা কলেজে তিন মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের অষ্টম ও নবম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে কলেজের সিইডিপি-আইডিজি কম্পিউটার ল্যাবে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কোর্স সমন্বয়ক ও ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মো. এনামুল হক এবং পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জীবন কানাই সাহা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান বলেন, দক্ষ মানবসম্পদ তৈরি শিক্ষার মূল উদ্দেশ্য। কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে তোমরা দক্ষ মানবসম্পদে পরিণত হবে। এই দক্ষতা দেশের উন্নয়নে প্রয়োগ করে জাতির সমৃদ্ধিতে ভূমিকা রাখতে পারবে।

তিনি প্রশিক্ষণার্থীদের নিয়মিত ও মনোযোগের সঙ্গে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি অর্জিত জ্ঞান ভবিষ্যৎ কর্মজীবনে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

তিন মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে অষ্টম ও নবম ব্যাচের মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবেন। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন মুহাম্মদ কাইয়ুম ইসলাম ও ফাতেমা আক্তার।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।