ঈশ্বরগঞ্জে ক্যাশলেস বাংলাদেশ গড়তে পূবালী ব্যাংকের মতবিনিময়
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ২১:৫৬ | অনলাইন সংস্করণ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

দেশে ডিজিটাল লেনদেন সম্প্রসারণ এবং ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) পূবালী ব্যাংক পিএলসি, ঈশ্বরগঞ্জ শাখার আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক আবু জাফর মুহাম্মদ মাহমুদুজ্জামান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ময়মনসিংহ অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমিউন হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. মো. ফরহাদ হোসেন।
সভায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বাস্তবায়নে ডিজিটাল লেনদেনের সুবিধা, নিরাপত্তা, স্বচ্ছতা এবং বাংলা কিউআর (Bangla QR) ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
বক্তারা বলেন, নগদ লেনদেনের পরিবর্তে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসার দেশের অর্থনীতিকে আরও গতিশীল ও আধুনিক করবে। পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের সহজ, দ্রুত ও নিরাপদ লেনদেনে বাংলা কিউআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে গ্রাহকদের পক্ষে বক্তব্য দেন মক্কা মদিনা ওয়ান টাইম ভ্যারাইটিজ স্টোরের মালিক মো. হারুন-অর-রশিদ। তিনি দৈনন্দিন ব্যবসায়ে ডিজিটাল লেনদেনের সুবিধার কথা তুলে ধরে বাংলা কিউআর ব্যবহারে ব্যবসায়ীদের আরও উৎসাহিত করার আহ্বান জানান।
এ সময় স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং পূবালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
