কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ১৯:৫৯ | অনলাইন সংস্করণ
কক্সবাজার অফিস

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্থানীয় এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্ট-সংলগ্ন সাগরে এ ঘটনা ঘটে বলে জানান জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম।
নিহত ইয়াসিন আরাফাত (২০) কক্সবাজার পৌরসভার পেশকারপাড়ার বাসিন্দা আলিম হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাতে মাহবুব আলম বলেন, সকালে ইয়াসিন আরাফাতসহ স্থানীয় কয়েকজন বন্ধু মিলে সাগরে গোসল করতে নামেন। একপর্যায়ে সাগরের তীব্র ঢেউয়ের টানে ইয়াসিন ভেসে যেতে থাকেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত বন্ধুদের চিৎকার শুনে লাইফগার্ড কর্মীরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন।
পরে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ঘটনাটি জানার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
এর আগে, গত ২৪ জুলাই কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে হেলাল উদ্দিন নামের খুলনার এক পর্যটক নিখোঁজ হন। ঘটনার ১৫ দিন পরও তার কোনো সন্ধান মেলেনি।
সৈকতে গোসলরত পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সি সেফ লাইফগার্ড সংস্থার তথ্য অনুযায়ী, গত ১২ বছরে কক্সবাজার সমুদ্রসৈকতে ডুবে অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন একজন।
তবে একই সময়ে লাইফগার্ডদের তৎপরতায় জীবিত উদ্ধার করা হয়েছে ১ হাজার ৪৩ জনকে।
