ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ১৬:৪৫ | অনলাইন সংস্করণ

  ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই স্বামীকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত পৌনে ২টার দিকে ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের পশ্চিম বাকপুরা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মারুফ মাতুব্বর (৩৮) ওই এলাকার মৃত মোখছেদ মাতুব্বরের ছেলে। অভিযুক্ত তার স্ত্রী শিখা (৩০) সদরপুর উপজেলার শামসুর গ্রামের মৃত মানিক খানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মারুফ ঘুমিয়ে থাকা অবস্থায় তার স্ত্রী শিখা ধারালো অস্ত্র দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দেন বলে অভিযোগ। মারুফের চিৎকার শুনে তার বড় ভাই রেজাউল মাতুব্বর ছুটে আসেন। পরে স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

স্থানীয়রা জানান, মারুফ নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় চাকরি করেন। প্রতি বৃহস্পতিবার বিকেলে তিনি বাড়িতে আসেন এবং শনিবার সকালে কর্মস্থলে ফিরে যান। তার সঙ্গে স্ত্রী শিখার দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এ নিয়ে কয়েক দফা পারিবারিকভাবে বিচার-সালিশও হয়েছে বলে জানা গেছে।

পুলিশ বলছে, পারিবারিক কলহের জেরেই ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম সঙ্গীয় ফোর্স নিয়ে খবর পেয়ে ঘটনাস্থলে যান। পরে অভিযুক্ত শিখাকে আটক করে থানায় নেওয়া হয়।

ভাঙ্গা থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।